নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে। অভিযোগ রয়েছে, তারা রাজউক থেকে প্লট নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। মামলায় শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করা হয়েছে। শেখ হাসিনার মামলায় রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আটজনকে আসামি করা হয়েছে। জয়ের মামলায় শেখ হাসিনাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক এলাকায় প্লট বরাদ্দ করে নিয়েছেন। এতে আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, সোমবার শেখ রেহানা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে তিনটি মামলা করা হয়েছিল।











