জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বাংলাদেশের জনগণ: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জুলাই মাসে ঘটে যাওয়া গণআন্দোলন বা তথাকথিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ ছিল দেশের জনগণের নিজস্ব আন্দোলন। তার ভাষায়, “এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”
তিনি বলেন, “আমি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড মনে করি না। এই আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রেখেছেন। অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত জনগণই এই আন্দোলনের চালিকাশক্তি হিসেবে অংশ নেয়।”
আগামী নির্বাচন নিয়ে দলীয় অবস্থান পরিষ্কার করতে গিয়ে তারেক রহমান জানান, বিএনপি এককভাবে নয়, বরং জোটগতভাবে নির্বাচন করার পক্ষপাতী। তিনি বলেন, “আমরা ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা দিয়েছি রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে। এর শুরুটা হয়েছিল ২০১৬ সালে বিএনপির ভিশন-২০ ঘোষণার মাধ্যমে।”
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “কেন নেব না? অবশ্যই নেব।” আর প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা আছে কি না জানতে চাইলে তারেক রহমান বলেন, “এটি তো জনগণের সিদ্ধান্ত।”
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “তার শারীরিক সক্ষমতা যদি অনুমতি দেয়, তাহলে নিশ্চয়ই তিনি কিছু না কিছু ভূমিকা রাখবেন।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি মন্তব্য করেন, “ছাত্ররাজনীতি ছাত্রদের জায়গায়, আর জাতীয় রাজনীতি জাতীয় জায়গায়। ডাকসুর ফলাফল জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে, এমনটা মনে করি না।”
সোমবার সকালে বিবিসি বাংলায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয় এবং তাৎক্ষণিকভাবে এটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
