সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক এবং কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, ভারতীয় পক্ষ বর্তমানে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না এবং স্থিতাবস্থা বজায় রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠকে সীমান্ত ইস্যুতে আলোচনা হবে। অসম চুক্তিগুলো পর্যালোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

সারের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় জড়িত ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ডিলারশিপ বাতিল করা হবে। প্রশাসন ও পুলিশের সহায়তায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার ওপর জোর দিয়ে তিনি বলেন, কেপিআই স্থাপনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত মহড়া এবং অপ্রয়োজনীয় ডেকোরেশন বন্ধ করতে হবে, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়।