পটুয়াখালীতে র‍্যাবের মিনিবাস ও বাসের সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি :

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় র‍্যাবের একটি মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—শিশু পিয়াম (২), র‍্যাবের মিনিবাস চালক এএসআই আবদুল আলীম (৩৩) এবং আফরোজা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিড়ি পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালী দিকে আসছিল, অন্যদিকে র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। সেখানে শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরদিকে চালক আবদুল আলীম ও আফরোজা লেবুখালী ক্যান্টনমেন্টে নেওয়ার পর মারা যান।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, “দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে জড়িত গাড়ি দুটির সরানোর কাজ চলছে।”