নিজস্ব প্রতিবেদক:
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে, তল্লাশির পর বিমানে কোনো বোমা বা বিস্ফোরক সদৃশ কিছু পাওয়া যায়নি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, “বিমানটি পুরোপুরি তল্লাশি করা হয়েছে এবং যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। তবে কোথাও কোনো বিস্ফোরক বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে এবং সেগুলো একে একে তল্লাশি করা হবে। যাত্রীদের বিমানবন্দর টার্মিনাল ভবনে রাখা হয়েছে এবং তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই অবস্থান করবেন।
শাহজালাল বিমানবন্দরের সূত্রে জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এর পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে।
এ ঘটনার পর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে তল্লাশি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চলছিল।
উল্লেখ্য, ফ্লাইটটি গত মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকা রওনা হয়েছিল।











