ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে জামায়াত

প্রকাশিত: 27 January 2026, 6:24 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন এলাকায় নারী নেতা-কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ তুলে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচির মাধ্যমে দলটি প্রথমবারের মতো রাজধানীতে নারী নেতা-কর্মীদের বড় সমাবেশের আয়োজন করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির পক্ষ থেকে হামলা, হেনস্তা ও ভয়ভীতির বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ জানাবেন। যদি নির্বাচন কমিশন ও সরকার কর্ণপাত না করে, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

 

ডা. আবদুল্লাহ তাহের অভিযোগ করেন, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় নারীদের ওপর হামলা, হুমকি ও কেন্দ্র দখলের চেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, “এ ধরনের হামলা মূলত নির্বাচনের প্রেক্ষিতে আমাদের নারীদের কর্মকাণ্ডকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হব।”

 

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের জন্য আরপিও অনুযায়ী রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব বাধ্যতামূলক। “একমাত্র জামায়াতই এই শর্ত পূরণ করতে পেরেছে। তারপরও প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে যে জামায়াতে নারীদের গুরুত্ব কম,” যোগ করেন ডা. তাহের। তিনি বলেন, দেশের নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না, এ কারণেই নারীরা জামায়াতকে বেশি সমর্থন দিচ্ছেন।

 

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জামায়াতের নায়েবে আমির বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে দুঃখজনকভাবে যারা নারীদের অধিকার নিয়ে বেশি চিৎকার করেন, তারাই এখন রাজনৈতিক কারণে হামলা চালাচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জামায়াতকে ভোট দিলে জিহ্বা কেটে রাখা, হাত কেটে রাখার হুমকি দেওয়া হচ্ছে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কঠোর প্রতিক্রিয়া দেখাব।”

 

৩১ জানুয়ারি সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী নেতা-কর্মীরা অংশ নেবেন এবং নির্বাচনী প্রচারণার সময় তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানাবেন।

মন্তব্য করুন