শীতের সময়ে পা ফাটার সমস্যা: সহজ কিছু ঘরোয়া উপায়

অনলাইন ডেস্ক:

শীতের শুরুতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে অনেকের পায়ের গোড়ালি ফাটার সমস্যা বাড়ে। শীতকালে শুষ্ক বাতাস ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়, যা গোড়ালি ফাটার অন্যতম প্রধান কারণ। তবে এর আরো কয়েকটি কারণ রয়েছে। যেমন, শরীরের ডিহাইড্রেশন বা কম পানি পান করলে ত্বক শুষ্ক হয়ে যায়। এছাড়া, ভিটামিন বি এবং সি-এর অভাবেও পায়ের গোড়ালি ফাটতে পারে। অনেক সময় একজিমা বা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা থাকলেও এই পরিস্থিতি হতে পারে, যেহেতু সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

শীতকালে পায়ের ফাটা গোড়ালি থেকে রক্ষা পেতে, আপনি কিছু সহজ ঘরোয়া উপায়ের সাহায্য নিতে পারেন।

নারকেল তেল
নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, বিশেষ করে শুষ্ক আবহাওয়ায়। নিয়মিত পায়ের তলায় নারকেল তেল মাখলে, পায়ের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে না এবং ফাটা সমস্যাও কমে। রাতের বেলা ঘুমানোর আগে নারকেল তেল মালিশ করলে, কিছু সপ্তাহের মধ্যে ফল পাওয়া যেতে পারে।

পেট্রোলিয়াম জেলি
ঠোঁট কিংবা গোড়ালি, শীতকালে ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি খুবই কার্যকরী। প্রতিদিন পায়ের গোড়ালিতে এটি মাখলে, শুষ্কতা থেকে রক্ষা পাওয়া যায় এবং পা ফাটার সমস্যা এড়ানো সম্ভব।

মাউথওয়াশ
একটি গ্লাস পানিতে এক ভাগ মাউথওয়াশ ও দুই ভাগ জল মিশিয়ে পা ডুবিয়ে রাখতে পারেন। এটি পায়ের ত্বকের জীবাণু পরিষ্কার করে, সেই সাথে আর্দ্রতা ধরে রাখে।

কলার খোসা
কলার খোসা ত্বককে কোমল এবং আর্দ্র রাখে। আপনি ফাটা গোড়ালিতে কলার খোসা ঘষে দিতে পারেন অথবা কলা মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। এর গুণে পায়ের চামড়া ভালো থাকবে এবং ফাটা সমস্যাও কমবে।

মধু
মধু একটি প্রাকৃতিক আর্দ্রতাদানকারী উপাদান, যা পায়ের গোড়ালির শুষ্কতা থেকে মুক্তি দেয়। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও রয়েছে, যা ফাটা গোড়ালিকে সংক্রমণ থেকে রক্ষা করে।

শীতের শুষ্ক আবহাওয়ার কারণে পা ফাটা একটি সাধারণ সমস্যা হলেও, এসব ঘরোয়া উপায় মেনে চললে সহজেই এটি প্রতিরোধ করা সম্ভব।