অনলাইন ডেস্ক:
চিত্রনায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি ঢাকার হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপ উবারের চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন। এ ঘটনায় গত শনিবার রাতে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন তিনি। রোববার সকালে পুলিশ চালক মো. রকিকে (৩২) গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ। তিনি জানান, অভিযুক্ত চালককে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
নিজের ফেসবুকে এ ঘটনার বিস্তারিত জানিয়ে নিঝুম রুবিনা বলেন, তিনি বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করেছিলেন। তবে চালক ধানমন্ডির পরিবর্তে গুলশানের দিকে গাড়ি নিয়ে যেতে থাকেন। তার প্রশ্নের উত্তরে চালক চুপ থাকতে বলেন এবং গাড়ির গতি ৮০ থেকে ১০০ কিলোমিটার করে রাখেন। সন্দেহজনক আচরণে তিনি গাড়ি থামাতে বললেও চালক তাকে উপেক্ষা করেন। তখন তিনি গাড়ির জানালা খুলে চিৎকার শুরু করেন এবং এক পর্যায়ে গাড়ি থেকে লাফ দিয়ে নামতে বাধ্য হন। এতে তার মাথায় আঘাত লাগে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিঝুম বলেন, “আমরা কি এমন দেশে বাস করছি, যেখানে দিনের বেলায়ও নিরাপত্তা নেই? যদি আমি লাফ না দিতাম, তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত না। আমার সন্তানটাকে কে দেখত?”
পুলিশ জানায়, অভিযুক্ত গাড়ির মালিক বিনোদন অঙ্গনের পরিচিত একজন। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।
উল্লেখ্য, নিঝুম রুবিনা ২০১৩ সালে “এর বেশি ভালোবাসা যায় না” সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তিনি “অনেক সাধনার পরে”, “মেঘকন্যা”, এবং “বেসামাল” সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি “দুই মা” এবং “বন্ধু তুই আমার” সিনেমার কাজ করছেন।











