পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT) বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) এবং জোবায়ের আলম সাকিব (২২)।

জানা গেছে, গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী পিকনিকের জন্য বিআরটিসি’র ডাবল ডেকার বাসে করে তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। শনিবার সকালে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে চলতে থাকলে, উদয়খালী বাজারে এসে পল্লী বিদ্যুতের তারে বাসটি স্পর্শ করে। এতে বাসে থাকা ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম জানান, নিহত তিন শিক্ষার্থীকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। আহতদের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।