হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের মধ্যে হাম রোগের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৪ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। যদিও এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৯০ জনে।

 

হাসপাতালভিত্তিক পরিস্থিতিও উদ্বেগজনক। ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯২ জন।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।