অনলাইন ডেস্ক:
২০২১ সালে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ভূমিকা রাখার দায়ে, এক আফগান নাগরিককে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল জুরি। ওই হামলায় অন্তত ১৭০ আফগান ও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।
বুধবার এ রায় দেওয়া হয়।
মোহাম্মদ শরিফুল্লাহ নামের ওই ব্যক্তি আফগানিস্তান ও পাকিস্তানভিত্তিক ইসলামিক স্টেট খোরাসান (আইএসকে) শাখার সদস্য।
ভার্জিনিয়ায় তাকে সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
অভিযোগ অনুযায়ী, শরিফুল্লাহ কাবুল বিমানবন্দরের সেই পথটি পর্যবেক্ষণ করেছিলেন, যেখানে পরে আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়।
তালেবান কাবুল দখলের কয়েক দিনের মধ্যেই দেশ ছাড়ার চেষ্টা করা মানুষের ভিড়ে এ হামলা চালানো হয়।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের শেষ সেনা প্রত্যাহার করে।
এর মধ্য দিয়ে হাজার হাজার আফগানকে সরিয়ে নেওয়ার বিশৃঙ্খল প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। সে সময় বহু মানুষ দেশ ছাড়ার আশায় কাবুল বিমানবন্দরে ভিড় করেছিলেন।
২০২৫ সালের মার্চে পাকিস্তান থেকে শরিফুল্লাহকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। এরপর ওয়াশিংটনের উপকণ্ঠ আলেকজান্দ্রিয়ায় একটি ফেডারেল আদালতে তার বিচার শুরু হয়।
শরিফুল্লাহ জাফর নামেও পরিচিত। সে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ডের মুখোমুখি হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে ২০২৫ সালে গ্রেফতার হওয়া পর্যন্ত আইএসকে’র একাধিক হামলায় সে জড়িত ছিল।
এর মধ্যে ২০১৬ সালের জুনে কাবুলে কানাডীয় দূতাবাসে দায়িত্বে থাকা নেপালি নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলাও রয়েছে।
শরিফুল্লাহর বিরুদ্ধে হামলার আগে নজরদারি চালানো ও আত্মঘাতী হামলাকারীকে ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া, ২০২৪ সালের মার্চে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে হামলা চালানো আইএসকে বন্দুকধারীদের অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।











