তুরস্কে মে দিবসের বিক্ষোভে আটক পাঁচ শতাধিক বন্দীর মুক্তি

An union member is detained by a Turkish police officer as people try to march towards Taksim square in Istanbul, Turkey, Friday, May 1, 2026, during Labor Day celebrations. (AP Photo/Khalil Hamra)

অনলাইন ডেস্ক:

তুরস্ক কর্তৃপক্ষ ইস্তাম্বুলে মে দিবসের সমাবেশ থেকে আটক পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছে বলে শনিবার জানিয়েছে আইনজীবীদের সংগঠন সিএইচডি।

শুক্রবারের বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করে এবং শত শত মানুষকে আটক করে।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, শনিবার সকাল নাগাদ আটক ৫৭৬ জনকেই মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা বাসারান আকসুও রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে সিএইচডি।

 

সংগঠনটির ইস্তাম্বুল শাখা গ্রেপ্তার নথিভুক্ত করা এবং আটক ব্যক্তিদের সহায়তার জন্য শহরের বিভিন্ন স্থানে সদস্যদের মোতায়েন করেছিল।

 

ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারের সংখ্যা ছিল ৫৭৫।

 

এ ছাড়া মে দিবসের সমাবেশের আগে ২৮ এপ্রিল আরও ৪৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং নয়জনকে গৃহবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছে সিএইচডি।

 

বিক্ষোভগুলো মূলত তাকসিম স্কয়ারকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের সরকারবিরোধী ব্যাপক আন্দোলনের পর থেকে কর্তৃপক্ষ এ চত্বরটিতে সমাবেশ নিষিদ্ধ করে রেখেছে।

 

আটকের আগে আকসু তাকসিম স্কয়ারে কার্যত অবরোধ আরোপের জন্য কর্তৃপক্ষের সমালোচনা করেন।

 

তিনি বলেন, ‘তুরস্কের শ্রমিকদের জন্য একটি স্কয়ার বন্ধ করে রাখা যায় না।’

 

তিনি আরও বলেন, ‘সরকারি অনুষ্ঠান, উদযাপন- সবকিছুর জন্যই তাকসিম ব্যবহার করা হয়। শুধু শ্রমিক, মেহনতি মানুষ আর দরিদ্রদের জন্যই এ চত্বর বন্ধ রাখা হয়েছে।’

 

শ্রমজীবী মানুষের অধিকার উদযাপনের দিন মে দিবস উপলক্ষে প্রতি বছরই তুরস্কে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং ইস্তাম্বুলের কেন্দ্রীয় একটি বড় এলাকা ঘিরে ফেলা হয়।

 

‘রুটি, শান্তি, স্বাধীনতা’ স্লোগানে মে দিবসের সমাবেশের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও নাগরিক সমাজের সংগঠনগুলো।