হামের ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৯৪

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল এবং বাকি নয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এতে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে আরও ১ হাজারের বেশি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুটির মধ্যে একজন ঢাকায় হাম শনাক্ত হয়ে মারা গেছে। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় ৪ জন, বরিশালে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেটে ১ জন করে শিশু রয়েছে। একই সময়ে সারা দেশে ১ হাজার ১৬৬ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪০ হাজার ৪৯১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭ হাজার ৮১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের বড় অংশ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

পরিসংখ্যান আরও জানাচ্ছে, মোট মৃত্যুর মধ্যে ৫০ শিশু সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর ২৪৪ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে ঝুঁকি আরও বাড়তে পারে। তাদের মতে, “হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি।”