পাপারাজ্জিদের ওপর চটলেন রণবীর কাপুর

অনলাইন ডেস্ক:

ক্যামেরার ঝলকানি আর ভক্তদের উন্মাদনা যেখানে নিত্যসঙ্গী, সেখানে রণবীর কাপুরের এমন রুদ্রমূর্তি আগে দেখেনি কেউ। স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাপারাজ্জিদের অতিষ্ঠ ভিড়ে মেজাজ হারালেন ‘অ্যানিম্যাল’খ্যাত এই তারকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ে রণবীরের মা নীতু কাপুর এবং বোন রিদ্ধিমা কাপুর সাহনি অভিনীত ‘দাদি কি শাদি’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সপরিবারে সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রণবীর ও আলিয়া। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রণবীর ও আলিয়া গাড়ি থেকে নামার পরপরই আলোকচিত্রীরা তাদের চারপাশ থেকে ঘিরে ধরেন। ভালো ছবি পাওয়ার আশায় অনেকেই তাদের একদম গায়ের কাছে ক্যামেরা নিয়ে চলে আসেন। এতে দৃশ্যত বিরক্ত হন রণবীর। মুহূর্তের জন্য মেজাজ হারিয়ে তিনি পাপারাজ্জিদের পিছিয়ে যেতে বলেন। ভিডিওটিতে রণবীরকে বলতে শোনা যায়, ‘আপনাদের ছবি চাই তো? চলুন আগে জায়গা দিন।’ এরপর তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়ান যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে পারেন। রণবীরের ধমক খেয়ে আলোকচিত্রীদেরও নিজেদের মধ্যে বলাবলি করতে শোনা যায়, ‘পিছে সরো, পিছে সরো।’ রণবীরের এই রেগে যাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনদের বড় একটি অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তার পক্ষ নিয়ে বলছেন, সেলিব্রিটি হলেও তাদের ব্যক্তিগত পরিসরের (পার্সোনাল স্পেস) প্রতি সম্মান জানানো উচিত। উল্লেখ্য, বর্তমানে রণবীর আসন্ন ‘রামায়ণ’ সিনেমার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওলসহ আরও অনেকে। সবকিছ ঠিকঠাক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে।