নিজস্ব প্রতিবেদক:
ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন। ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে সেতুটি দিয়ে। এতে করে ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা টোল আদায় হয়েছে।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২২ হাজার ৯৭১টি যানবাহন। টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা। এদিকে পূর্ব প্রান্ত অর্থাৎ উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১২ হাজার ৪২১টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৩৯২টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।











