নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস বা অনিয়মের কোনো সুযোগ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যা ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, সব পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে করে বোর্ডভেদে প্রশ্নের তারতম্যজনিত জিপিএ বৈষম্য দূর হবে। তিনি বলেন, “প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ রাখা হবে না, এ বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি পরীক্ষায় অনিয়ম, খাতা মূল্যায়নে গড়মিল কিংবা নম্বর বণ্টনে অসঙ্গতি পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। “সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে, শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে,” বলেন তিনি। একই সঙ্গে তিনি পাবলিক পরীক্ষা আইনের সংশোধনের কথা তুলে ধরে বলেন, অনিয়ম প্রতিরোধে আইন আরও কঠোর করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে সময়মতো ফল প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল সর্বোচ্চ দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশনজট কমিয়ে আনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সভায় মন্ত্রী অতীতের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, “মেধা ও যোগ্যতার বিকল্প নেই। সঠিকভাবে না পড়িয়ে কেবল পাস করানোর সংস্কৃতি শিক্ষার মান নষ্ট করেছে।” তিনি শিক্ষকদের উদ্দেশে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষার কেন্দ্রগুলোতে কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তার সহ্য করা হবে না।











