চিকিৎসা শুধু পেশা নয়, মানবসেবার মহান দায়িত্ব, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়, মানুষের জীবন রক্ষার সঙ্গে জড়িত একটি মহান দায়িত্ব। একই সঙ্গে রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে সারা দেশে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।

 

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে ২০২৬’-এর উদ্বোধনের পর কলেজ অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত একটি মহান সেবা। রোগ নিরাময়ের পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণ ও হাসিমুখে কথা বলা একজন রোগীর মানসিক শক্তি বাড়িয়ে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল ও সম্মানজনক আচরণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

 

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, মানুষের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত তৃপ্তি রয়েছে। চিকিৎসকদের শুধু পেশাগত দায়িত্ব পালন করলেই হবে না, সমাজের প্রতি দায়বদ্ধতার মনোভাবও ধারণ করতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের মধ্যে মেডিকেল এথিকস ও নৈতিক মূল্যবোধ আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

 

করোনা মহামারি, হাম পরিস্থিতি এবং সাম্প্রতিক বন্যায় চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্যোগের সময় চিকিৎসকেরা ছুটি উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় গভীর রাতেও চিকিৎসাসেবা দেওয়া তাদের পেশাগত দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ।

 

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর আধুনিকায়নের কাজ আগামী মাস থেকে শুরু হবে।

 

তিনি বলেন, “ঢাকার মানুষের মতো গ্রামের মানুষও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সমান অধিকার রাখে।” রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার ব্যবধান কমিয়ে সারা দেশে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

 

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে তাদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তবে জনগণকে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা বিলম্ব গ্রহণযোগ্য হবে না।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।