অনলাইন ডেস্ক:
ফেব্রুয়ারি ১, ২০২৫ | আন্তর্জাতিক ডেস্ক: ফিলাডেলফিয়ায় একটি ছোট মেডিকেল সার্ভিস জেট বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন মেক্সিকো নাগরিক নিহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে শহরের একটি ব্যস্ত শহরতলিতে দুর্ঘটনাটি ঘটে, যেখানে বিমানটির ধ্বংসাবশেষ একটি বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে আগুন লেগে যায়।
এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল লিয়ারজেট ৫৫ এক্সিকিউটিভ জেট। এটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন বিমানবন্দর থেকে ফিলাডেলফিয়া এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা করছিল এবং ফিলাডেলফিয়া শহরের ঘনবসতিপূর্ণ এলাকা, দোকানপাট ও ব্যস্ত রাস্তার উপর বিধ্বস্ত হয়।
ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে হতাহতের সংখ্যা সম্পর্কে তারা কোনো নির্দিষ্ট তথ্য পাননি। তবে, তিনি বলেন, “একাধিক বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।” ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা অফিস এই দুর্ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছে এবং আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিমানে থাকা ছয়জন মেক্সিকো নাগরিক ছিলেন। এই দুর্ঘটনার পর, কোনো বেঁচে থাকার ইঙ্গিত পাওয়া যায়নি।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই দুর্ঘটনা তদন্তের জন্য জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে মাঠে নেমেছে।
এদিকে, এই ঘটনা এমন সময় ঘটল যখন মাত্র দুই দিন আগে ওয়াশিংটন ডিসিতে একটি বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলাডেলফিয়ার এই ট্র্যাজেডির ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।”











