রুশ হামলায় ইউক্রেনের ঐতিহাসিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক:

রুশ বাহিনী গতকাল ইউক্রেনের ওডেসার ঐতিহাসিক কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। হামলায় ঐতিহাসিক ভবনগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে একটি ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন এবং এসময় বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি জানান, হামলার সময় ঐতিহাসিক এলাকাতে নরওয়েজিয়ান কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ১৯শ শতকের শেষের দিকে নির্মিত বিলাসবহুল ব্রিস্টল হোটেল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং হোটেলের বিপরীতে অবস্থিত ওডেসা ফিলহারমনিক কনসার্ট হল গুরুতর ক্ষতির শিকার হয়েছে, এর বহু জানালা ভেঙে পড়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঐতিহাসিক ওডেসা অপেরা হাউসের কাছাকাছি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে এবং বেশ কয়েকটি জাদুঘরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর কিপার জানান, হামলায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা রাশিয়ার পরিচিত সামরিক কৌশল—একই লক্ষ্যবস্তুর ওপর একাধিকবার আঘাত হানা। তিনি আরও জানান, হামলার জন্য কংক্রিট ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বেসামরিক হোটেলটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।