আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। আগস্টের মধ্যেই যোগদানের সুনির্দিষ্ট ঘোষণা চেয়ে রোববার (২ আগস্ট) সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা অবস্থান নেন।

 

রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। তারা দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে স্লোগান দেন। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

 

আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী এখনো যোগদানের সুযোগ পাননি। চূড়ান্ত ফল প্রকাশের পর ১৭৫ দিন পেরিয়ে গেলেও তাদের পদায়ন বা যোগদান হয়নি। নিয়োগ বিধিমালা অনুযায়ী আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা চান তারা।

 

তবে মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত এসব শিক্ষককে আগামী ২৯ অক্টোবর যোগদান করানো হবে। এর আগে শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে একটি জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে নিয়োগে বিলম্ব হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক ২৯ অক্টোবর যোগদান করবেন। এরপর তাদের পদায়ন এবং পরবর্তী সময়ে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

কিন্তু মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তেও আন্দোলন প্রত্যাহার করেননি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার বলেন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও তারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় আছেন। অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর। তাই আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের ঘোষণা চান তারা।

 

দেবব্রত সরকার বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিলে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন জেলার কয়েকজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক জানান, নিয়োগের সব ধাপ শেষ করার পরও দীর্ঘদিন ধরে তাদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। দ্রুত বিদ্যালয়ে যোগদান ও পদায়নের সুযোগ পেলে তারা শিক্ষার্থীদের পাঠদানে যুক্ত হতে পারবেন। দীর্ঘ অপেক্ষা তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান তারা।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় ওই দিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

 

পরে গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সব ধাপ শেষ হলেও এখনো তারা কর্মস্থলে যোগ দিতে পারেননি।

 

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগস্টের মধ্যেই তাদের যোগদান ও পদায়নের ব্যবস্থা করতে হবে। এ দাবিতে শাহবাগে তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।