অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে বিবৃতি দেয়ার এক ঘণ্টার ব্যবধানে তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। বিষয়টি নিয়ে দিল্লির কূটনৈতিক মহলে তৈরি হয়েছে নানা আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আজ শুক্রবার দুপুরে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে আগামী শনিবার, ২২ আগস্টের নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান না হওয়ার বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি ও পূর্ণ মহড়ার কারণে ওই অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে প্রতি শনিবার অনুষ্ঠিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি ২২ আগস্ট অনুষ্ঠিত হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য ‘ফুল রিহার্সাল’-এর কথা উল্লেখ করা হয়।
তবে এ সময় পর্যন্ত ঢাকা কিংবা নয়াদিল্লি—কোনো পক্ষই তারেক রহমানের ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে সফরের প্রস্তুতির কথা প্রকাশ্যে চলে আসার পর বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়।
ভারতের দ্য ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ভবনের প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নজরে আনে। কারণ তারেক রহমানের সফর তখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এরপর রাষ্ট্রপতি ভবন বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয়।
রাষ্ট্রপতি ভবনের দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। দুই বিজ্ঞপ্তিই রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা কুমারের নামে জারি করা হয়েছিল।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম রেডিফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। প্রতিবেদনে রাষ্ট্রপতি ভবনের ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিলের বিষয়টিকেও সম্ভাব্য সফরের আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতির সঙ্গে যুক্ত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়।
সফরটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকেও এখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসেনি। দ্য ট্রিবিউন জানিয়েছে, সফরের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও ঢাকার অবস্থানের সঙ্গে সম্পর্কিত।
ফলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি থেকে তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত মিললেও, সফরের তারিখ ও কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুত প্রত্যাহারের ঘটনাটি তাই ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন করে কৌতূহল তৈরি করেছে।











