নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট। তবে জামিন না দেওয়ার কারণ জানতে চেয়ে রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
৩১ অক্টোবর, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেফতার করা হয় এবং পরদিন জামিন আবেদনের পর তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
এরপর, ১৯ জানুয়ারি চিন্ময় দাস হাইকোর্টে জামিন আবেদন করেন। মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে দেন। তবে আদালত জামিন না দেওয়ার কারণ জানাতে রাষ্ট্রপক্ষকে রুল জারি করেছে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার।











