স্থানীয় সরকার ভোটে চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

 

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁদের নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

 

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকায় ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তির পর সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

 

চূড়ান্ত তালিকায় নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন ভোটার যুক্ত হয়েছেন। ফলে পুরুষ ও নারী ভোটারের ব্যবধানও কমে দাঁড়িয়েছে ২২ লাখ ৪৪ হাজার ৯৫৪ জনে।

 

আখতার আহমেদ জানান, ৩১ জুলাইকে কাট-অফ তারিখ ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর পর যাঁরা নতুন করে ভোটার হয়েছেন বা হবেন, তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। তবে ভোটার নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে কমিশন কাট-অফ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিলে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা আবারও হালনাগাদ করা হতে পারে।

 

ভোটার তালিকা আইন অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করে ২৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সিদ্ধান্ত তালিকায় যুক্ত করা হয়। এর পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

 

স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে কমিশনের পক্ষ থেকে সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে নির্বাচন শুরুর পরিকল্পনার কথা জানানো হয়েছে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন আগে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

 

নির্বাচন কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট তারিখ জানাতে চাননি ইসি সচিব। তিনি বলেন, নির্বাচনের সময়সূচি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে কথা বলেছেন। কমিশন সিদ্ধান্ত নেওয়ার পর তা দ্রুত গণমাধ্যমকে জানানো হবে।

 

ভোটকেন্দ্রের সংখ্যাও এখনও চূড়ান্ত হয়নি। আখতার আহমেদ জানান, স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে হবে, সেটির ওপর ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশনের নির্বাচন আগে হবে, তা নির্ধারণের পর কেন্দ্রের সংখ্যা চূড়ান্ত করা হবে।