ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি দেখবেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরার মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ অফিসকক্ষ থেকে কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করে তিনি কয়েকজন স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতির বিষয়টি দেখতে পান। পরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।

সোমবার ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপস্থিতি পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

পর্যবেক্ষণের সময় কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি তাঁর নজরে আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে।

তিনি জানান, এখন থেকে নিয়মিতভাবে নিজ কার্যালয়ে বসেই দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করা হবে।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।