বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে জানুয়ারি মাসে

অনলাইন ডেস্ক:

বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এফএও জানিয়েছে, জানুয়ারিতে খাদ্যসূচক ১২৪.৯ পয়েন্টে পৌঁছেছে, যা ডিসেম্বরে ছিল ১২৭ পয়েন্ট। তবে মাসিকভিত্তিতে কমলেও, বার্ষিকভিত্তিতে খাদ্যদ্রব্যের দাম ৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমার পেছনে বড় ভূমিকা রেখেছে চিনির দাম কমে যাওয়া। জানুয়ারিতে চিনির দাম ৬.৮ শতাংশ কমেছে, যা আগের বছরের তুলনায় ১৮.৫ শতাংশ কম। সরবরাহ সংকট কাটানোর পর এই পতন দেখা যায়। অন্যদিকে, ভেজিট্যাবল তেলের দাম গত মাসে ৫.৬ শতাংশ কমেছে, যদিও বছরের ভিত্তিতে তার দাম ২৪.৯ শতাংশ বেশি।

তেলের বাজারেও কিছু পরিবর্তন দেখা গেছে। জানুয়ারির শেষদিকে তেলের দাম কিছুটা বেড়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে তেলের দাম এখনও পতনের দিকে রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৭৫ ডলারে দাঁড়িয়েছে, কিন্তু এই সপ্তাহে ২ দশমিক ৩ শতাংশ পতন দেখিয়েছে। একইভাবে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬৫ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ৭১.২৬ ডলারে দাঁড়িয়েছে, তবে সামগ্রিকভাবে সপ্তাহভিত্তিতে এটি ১ দশমিক ৭ শতাংশ কমেছে।