সৌদির চার অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা, জারি রেড অ্যালার্ট

অনলাইন ডেস্ক:

প্রবল বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার মারাত্মক আশঙ্কায় সৌদি আরবের চারটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। রোববার (১৮ অক্টোবর) দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জাজান, আসির, আল-বাহা এবং মক্কা প্রদেশের বেশ কিছু অংশে এই জরুরি সতর্কতা জারি করে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি প্রবল বজ্রপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং তীব্র গতিবেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে, যা স্থানীয়ভাবে ধূলিঝড় সৃষ্টি করতে পারে। অস্থিতিশীল এই আবহাওয়ার কারণে পাহাড়ি ধস ও আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।

এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু এলাকা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে সড়কগুলোতে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে বলে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বৃষ্টির সতর্কতার মধ্যেও দেশের প্রধান শহরগুলোতে তাপদাহ ও চড়া তাপমাত্রা বজায় থাকার আভাস দেওয়া হয়েছে। দাম্মামে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এ ছাড়া মক্কায় ৩৯ ডিগ্রি, রাজধানী রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি, মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে।

তবে দেশের দক্ষিণ-পশ্চিমের পার্বত্য এলাকাগুলোতে আবহাওয়া কিছুটা সহনীয় ও শীতল থাকবে। সেখানে আভা শহরে সর্বোচ্চ ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আর্দ্রতার সূচকে আভা, আল-বাহা ও জাজানে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ এবং জেদ্দা ও দাম্মামে ৮৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।