অনলাইন ডেস্ক:
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরী এক নবরাত্রির অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্তা ও অব্যবস্থাপনার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত ওই অনুষ্ঠানে তাকে নির্ধারিত পারিশ্রমিক না দেওয়া ছাড়াও জোরপূর্বক গাড়িতে তুলে ‘অপহরণের’ মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
জানা গেছে, পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রির একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাঙ্ক্ষার দাবি, প্রচারণায় তার ছবি ব্যবহার করে দর্শক টানা হলেও তাকে প্রতিশ্রুত পারিশ্রমিক দেওয়া হয়নি। পুরো আয়োজন তদারকির দায়িত্বে ছিলেন ১৮ বছর বয়সী মাত্র তিনজন তরুণ, যাদের কোনো ধরনের পেশাদারিত্ব বা শিল্পীর নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি ছিল না।
ঘটনার বিবরণ দিয়ে আকাঙ্ক্ষা জানান, রাত সাড়ে ১০টা বেজে গেলেও তাকে অনুষ্ঠানস্থলে নেওয়ার জন্য কোনো গাড়ি পাঠানো হয়নি; অথচ নির্ধারিত সূচি অনুযায়ী ততক্ষণে তার পরিবেশনা শেষ হওয়ার কথা ছিল। শিল্পীর জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থাপনা না দেখে ক্ষুব্ধ হয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করার হুঁশিয়ারি দেন। এর পরই পরিস্থিতি আরও জটিল রূপ নেয়।
মডেলের অভিযোগ, তার নিজস্ব দলের সদস্যদের ছাড়াই আয়োজকেরা তাকে জোর করে একটি গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলের দিকে নিয়ে যেতে থাকে। নিরাপত্তাহীনতায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানালে আয়োজকেরা তার কথা তো গায়ে মাখেইনি, উল্টো উপহাস করতে থাকে। এমন ভীতিকর আচরণকে ‘অপহরণের শামিল’ উল্লেখ করে আকাঙ্ক্ষা বলেন, পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে তিনি গাড়িতে থাকা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে চড় মারেন, যার পর চালক গাড়িটি থামাতে বাধ্য হয়।
পুরো ঘটনাকে চরম মানসিক নির্যাতন ও মারাত্মক নিরাপত্তা লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন এই মডেল। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খুব দ্রুতই আইনি পদক্ষেপ নিচ্ছেন বলেও জানিয়েছেন আকাঙ্ক্ষা চৌধুরী।











