অনলাইন ডেস্ক:
আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে এই সম্ভাব্য বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেন সংঘাত অবসানের পথ খুঁজতে পুতিন এমন একটি বৈঠকের প্রস্তাব দিয়েছেন—আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি খোলাসা করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেসকভ জানান, যেহেতু তিন দেশের শীর্ষ নেতারই আসন্ন চীন সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে, তাই এমন একটি ত্রিপক্ষীয় বৈঠকের আলাপ সামনে এসেছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো এজেন্ডা, বিষয়বস্তু কিংবা আনুষ্ঠানিক চুক্তি নিয়ে কোনো পক্ষই আলোচনা বা প্রস্তাব পেশ করেনি।
ইউক্রেন সংকট নিরসনে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে পেসকভ আরও বলেন, যেকোনো চূড়ান্ত শান্তি চুক্তি কার্যকর করতে হলে কিয়েভকে প্রক্রিয়ার মধ্যে রাখা অত্যন্ত জরুরি। ইউক্রেনের সংশ্লিষ্টতা ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের এই সম্ভাব্য বৈঠকের ধারণার তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক বরং যুদ্ধ দ্রুত বন্ধে সহায়ক হতে পারত। কিন্তু মস্কো, বেইজিং ও ওয়াশিংটনের শীর্ষ নেতাদের এই বৈঠক উল্টো ফল বয়ে আনবে এবং তা পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে দীর্ঘদিনের এই সংঘাতে ইউক্রেন ও রাশিয়া এখনও শান্তি চুক্তির শর্ত নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে অনড় রয়েছে।











