শাহজালালে ১৫-২০ মিনিটে মিলছে লাগেজ, যাত্রীসেবার অগ্রগতিতে সন্তুষ্ট বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন যাত্রীরা। সোমবার রাতে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা সরজমিনে পরিদর্শন এবং অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। যাত্রীসেবার বর্তমান মানে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি সেবার এই মান নিরবচ্ছিন্নভাবে বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী রাত ৮টায় সরাসরি ব্যাগেজ বেল্ট এলাকায় গিয়ে বিদেশফেরত যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে ফ্লাইট শেষে বিমানবন্দর ছাড়ার প্রক্রিয়ায় কোনো সমস্যা হচ্ছে কি না এবং কত দ্রুত তারা লাগেজ পাচ্ছেন—সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের ইতিবাচক পদক্ষেপের ফলেই শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবার দৃশ্যমান উন্নতি সম্ভব হয়েছে। যাত্রীরা নিজেরাও স্বীকার করছেন যে তারা এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ব্যাগেজ পেয়ে যাচ্ছেন। তবে সেবার এই অর্জন ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী জানান, প্রায় দুই মাস আগে নেওয়া ‘লাইভ ব্যাগেজ মনিটরিং’ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বিমানবন্দরে যাত্রী ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। লাগেজ ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা আনা এবং যাত্রীদের সার্বিক সুবিধার্থে এ ধরনের আধুনিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে মন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে সাময়িকভাবে এই রুটে চলাচল বন্ধ রয়েছে। সৌদি রিয়াদ রুট চালুর চেষ্টা চালানোর পাশাপাশি আকস্মিক এই সমস্যায় পড়া প্রবাসীদের দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে দাম্মাম কিংবা মদিনা রুটে যাত্রী পাঠানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।