ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টায় শুরু হওয়া এই পরীক্ষা ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে মোট আটটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্য অনুযায়ী, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪০ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৯ জন পরীক্ষার্থী।

দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার হলে প্রবেশের জন্য পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে।

এছাড়া পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ ডিভাইস বা যেকোনো ধরনের টেলিযোগাযোগ যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।