সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সিঁদুর খেলা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তন্নী দে নামের এক নববধূর মৃত্যু হয়েছে। উৎসবের আনন্দঘন মুহূর্তে হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে মণ্ডপে অন্যান্য নারীদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন নববধূ তন্নী দে। একপর্যায়ে তিনি হঠাৎ শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ বোধ করেন এবং মণ্ডপ প্রাঙ্গণেই লুটিয়ে পড়েন।
উপস্থিত স্বজন ও ভক্তরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা অতিরিক্ত শারীরিক অসুস্থতায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
নববধূর অকাল মৃত্যুতে পূজা মণ্ডপ ও পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ এক নিমিষে বিষাদে পরিণত হয়। শোকার্ত পরিবারকে সান্ত্বনা জানাতে স্থানীয় লোকজন ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ হাসপাতালে ভিড় জমান।











