অনলাইন ডেস্ক :
আলাস্কার নোমগামী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিমানটি সমুদ্রের বরফের ওপর পড়ে বিধ্বস্ত হলে আরোহীদের সবাই নিহত হন।
কোস্টগার্ডের তোলা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমান ও হতাহতরা বরফের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। উদ্ধারকারীরা হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালিয়ে নোমের দক্ষিণ-পূর্বে ধ্বংসাবশেষের সন্ধান পান। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে বৈরি আবহাওয়া, তীব্র ঠান্ডা এবং বরফাচ্ছন্ন পরিবেশের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
দুর্ঘটনার শিকার বিমানটি বেরিং এয়ারের সেসনা ক্যারাভান মডেলের ছিল। এতে ৯ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। বৃহস্পতিবার বিকেলে উনালাকলেট থেকে উড্ডয়ন করার এক ঘণ্টার মধ্যেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মকর্তারা জানান, বিমানটি আকস্মিকভাবে উচ্চতা ও গতি হারিয়েছিল, তবে কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন আলাস্কার সিনেটর লিসা মুরকোস্কি। নোমের মেয়র জন হ্যান্ডেল্যান্ডও দুঃখপ্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। নিহতদের স্মরণে সন্ধ্যায় একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
গত ২৫ বছরে আলাস্কায় এটি অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফেডারেল তদন্ত সংস্থা (এনটিএসবি) থেকে তদন্তকারী দল পাঠানো হয়েছে। বেরিং এয়ার, যা আলাস্কার ৩২টি প্রত্যন্ত গ্রামে পরিষেবা দিয়ে থাকে, তারা অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আলাস্কার দুর্গম ভূখণ্ড এবং পরিবহনের জন্য ছোট বিমানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও এটি ঝুঁকিপূর্ণ। ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ায় প্রাণঘাতী দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই এটি তৃতীয় বড় বিমান দুর্ঘটনা। নোম ও আশপাশের সম্প্রদায়গুলো নিহতদের স্মরণে শোক পালন করছে।











