জেলা প্রতিনিধি:
গাজীপুরে আওয়ামী লীগের সব ধরনের চিহ্ন মুছে দিতে গিয়ে বিভিন্ন স্থাপনা ও নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর সময় আওয়ামী লীগ কর্মীরা একদল ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর শহরের দক্ষিণখান এলাকায় ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালাতে গেলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর চড়াও হন এবং মারধর করেন। এতে অনেকেই আহত হন এবং তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করে আসল কারণ জানতে কাজ করছে।











