অনলাইন ডেস্ক :
বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন ৮ ফেব্রুয়ারি শনিবার হিমাগারে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজি আট টাকা ভাড়া নির্ধারণ করেছে। সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, গত বছরের তুলনায় এবার ভাড়া এক টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে আগের বছর ভাড়া ছিল সাত টাকা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চলতি বছরে ৫০ কেজির বস্তার জন্য ৩৫০ টাকা ভাড়া পরবে, তবে বর্তমানে ৭০-৭২ কেজি ওজনের বস্তার ভাড়া ৩০০ টাকার মধ্যে নির্ধারণ হয়েছে, যার কারণে হিমাগার মালিকরা প্রতি বস্তায় ১৫ থেকে ২২ কেজি আলুর ভাড়া থেকে বঞ্চিত হচ্ছেন।”
এছাড়া, তিনি ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানিয়েছেন, বর্তমানে ঋণের সুদের হার ১৭ শতাংশ থেকে ৭ শতাংশে নামানোর আহ্বান জানান। বিদ্যুৎ বিলের ইউনিট রেট কমানোরও দাবি করেন তিনি। ভ্যাট ও উৎসে কর কর্তন (টিডিএস) প্রত্যাহারের দাবি তুলে তিনি বলেন, এই পদক্ষেপগুলো কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ হবে।
এ সময় তিনি আশ্বাস দেন, চলতি বছরে আলুর যথেষ্ট উৎপাদন হয়েছে এবং খুচরা পর্যায়ে আলুর দাম অতিরিক্ত বাড়বে না।
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ, পরিচালক হাসেন আলী, চন্দন কুমার সাহা, এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান্ত কুমার প্রামানিকসহ আরও অনেকে।











