‘উদ্যোগ’ কর্মসূচির নামে প্রতারণা: তরুণ উদ্যোক্তাদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার এই অপচেষ্টা সম্পর্কে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর নাম ব্যবহার করে একটি চক্র ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে। এই চক্রটি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়া কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘উদ্যোগ’ নাম ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে যারা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে কিংবা প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সবাইকে সতর্ক থাকার এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’।

এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে বিতরণ করা হবে।

দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচির অর্থায়নসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রথম পর্যায়ে আট জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। পরে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।