জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ। দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক এ তথ্য নিশ্চিত করেছেন।

এনসিপির ওই যুগ্ম আহ্বায়ক জানান, ফারজানা আফরোজ নামে এক নেত্রী তাদের দলে যোগ দিচ্ছেন। তিনি সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অতীতে জামায়াতের প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, ফারজানা আফরোজকে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। এ বিষয়ে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে গোলাম মাওলা রনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’

সাতকানিয়ার ঐতিহ্যবাহী ও রাজনৈতিক পরিবারের সন্তান ফারজানা আফরোজ। তার বাবা মরহুম কেফায়েত উল্লাহ স্থানীয় রাজনীতির একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং দীর্ঘ সময় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফারজানা আফরোজ নিজেও স্থানীয় নির্বাচনে ১ লক্ষাধিক ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ফারজানা আফরোজ বর্তমানে মালয়েশিয়ার এশিয়া ই ইউনিভার্সিটি থেকে ‘নারী ক্ষমতায়ন’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। পেশাগত জীবনে তিনি এইচএসবিসি ব্যাংকে কর্মরত ছিলেন এবং বর্তমানে ‘স্কাইপ এসেটস প্রাইভেট লিমিটেড’-এর স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।