অনলাইন ডেস্ক:
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের আকাশসীমায় চলাচলকারী একাধিক যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অন্তত ১০টি ফ্লাইটে এমন ভীতিকর বার্তা পাওয়ার পর পুরো মহাদেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হুমকির মুখে থাকা কয়েকটি বিমানের গতিপথ পরিবর্তন করে জরুরি ভিত্তিতে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়।
বোমা থাকার হুমকির প্রেক্ষিতে চেক প্রজাতন্ত্রে চারটি বিমানে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তল্লাশিতে কোনো বিমানেই বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এদিকে ইতালির আকাশসীমায় একটি যাত্রীবাহী বিমানকে ঘিরে ফেলে দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেটিকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়।
একই ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটকেও নিরাপদে অবতরণ করতে হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই দুটি বিমানের কোনোটিতেই কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। এছাড়া ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি বিমানের গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের এভরু সামরিক বিমানঘাঁটিতে নেওয়া হয় এবং সেখানে বিমানটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
বিশ্লেষণে দেখা গেছে, সম্ভাব্য বোমা হামলার হুমকির বিষয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আগেই সংশ্লিষ্ট ফ্লাইটগুলোকে সতর্ক করেছিল। এর আগে গত মঙ্গলবারও ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে আগের ঘটনাগুলোর মতো বৃহস্পতিবারের ঘটনাগুলোতেও কোনো বিমানে বিস্ফোরক পাওয়া যায়নি।











