অনলাইন ডেস্ক :
ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহত নারী সুন্দুস জামাল শালাবি (২৩) নূর-শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় প্রাণ হারান। তার গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হন চিকিৎসকরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের হাসপাতালে নিতে ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচানো সম্ভব হয়নি। হামলায় নিহত নারীর স্বামীও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি অভিযোগ করেছে, হতাহতের খবর পাওয়ার পরও ইসরায়েলি বাহিনী তাদের মেডিকেল টিমকে শরণার্থী শিবিরে প্রবেশের অনুমতি দেয়নি।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রবিবার সকালে ইসরায়েলি বাহিনী ভারী অস্ত্রশস্ত্র ও বুলডোজার নিয়ে পশ্চিম তীরের তুলকারেম এলাকায় প্রবেশ করে এবং বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।
অভিযানের সময় ব্যাপক গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
অভিযানের ফলে পশ্চিম তীরের জেনিন ও তুলকারেম অঞ্চলে গত কয়েক সপ্তাহে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।











