রাইস ব্রান তেল রপ্তানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

দেশের অভ্যন্তরে রাইস ব্রান তেলের সরবরাহ নিশ্চিত করতে এর রপ্তানিতে ২৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল দেশের জন্য একটি অপরিহার্য খাদ্যপণ্য, যার চাহিদা মূলত আমদানি নির্ভর। বর্তমানে দেশের বাজারে সিংহভাগ ভোজ্যতেল সরবরাহ করা হয় আমদানি করা অপরিশোধিত সয়াবিন ও পাম তেল পরিশোধনের মাধ্যমে। তবে দেশে বছরে প্রায় ১.২ লাখ থেকে ১.৫ লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল উৎপাদিত হলেও, এর সিংহভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়ে যায়। অথচ এই স্বাস্থ্যসম্মত তেল দেশের অভ্যন্তরীণ চাহিদার ২৫ থেকে ৩০ শতাংশ মেটাতে সক্ষম বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর মনে করছে, দেশে উৎপাদিত রাইস ব্রান তেলের সরবরাহ নিশ্চিত করা গেলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে রপ্তানি নিরুৎসাহিত করতে ২৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রজ্ঞাপনও জারি করেছে সংস্থাটি।