ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

প্রকাশিত: 10 November 2026, 10:16 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণ মামলা বাদে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হত্যাসহ সব ধরনের মামলা যথাযথ যাচাই-বাছাই ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, যদি যাচাইয়ে এটি প্রমাণিত হয় যে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, তবে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহারের ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।

মন্ত্রী রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে এমন মামলা থাকলে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের আবেদন করুন। সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসব মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করবে।

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তারা কখনো তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেননি। বরং তারা আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চেয়েছেন।

আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা এবং বিচারকের সংকট নিয়ে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. কেরামত আলীর (চাঁপাইনবাবগঞ্জ-১) আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিচারকের প্রায় ৩৯৪টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, শূন্য পদগুলো পূরণের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে, অচিরেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মামলা প্রত্যাহার প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, সরকার এ ক্ষেত্রে তিন ধরনের মামলা চিহ্নিত করেছে।

যেসব মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেনি এবং চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর্যায়ে রয়েছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, যেসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মন্ত্রী পরিশেষে বলেন, শুধু মামলার এজাহার বা নথিপত্র দেখে কোনো মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা সম্ভব নয়। এ কারণে রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন