লন্ডনে বাংলায় স্টেশনের নাম দেখে ক্ষোভ ব্রিটিশ এমপির, সমর্থন দিলেন মাস্কও

অনলাইন ডেস্ক:

লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে সাইনবোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপি রুপার্ট লোয়ি। তিনি দাবি করেছেন, “লন্ডন শহরে সব স্টেশনের সাইনবোর্ডে কেবল ইংরেজিতে নাম থাকা উচিত, অন্য কোনো ভাষা নয়।” লোয়ির এই মন্তব্যে সমর্থন জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও।

গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লোয়ি হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডের ছবি শেয়ার করেন, যেখানে ইংরেজি ও বাংলা ভাষায় নাম লেখা ছিল। তিনি ছবির সাথে লেখেন, “এটা লন্ডন, এখানে স্টেশনে নাম ইংরেজিতে থাকা উচিত, কেবলই ইংরেজিতে।” তার পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। কিছু ব্যবহারকারী তার মন্তব্যের সমর্থন জানালেও, অনেকে একাধিক ভাষায় সাইনবোর্ড রাখার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।

এদিকে, মাস্ক তার মন্তব্যের সমর্থন জানিয়ে লেখেন, “ইয়েস।” তার এই সমর্থন যুক্তরাজ্যের রাজনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাবের কথা জানান দিচ্ছে, যেখানে তিনি রিফর্ম ইউকের নেতা হিসেবে নাইজেল ফারাজের সমর্থক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড যুক্ত করার সিদ্ধান্তটি তিন বছর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, “লন্ডন টিউব রেল হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে বাংলা ভাষাকে গ্রহণ করেছে জেনে গর্বিত। এটি ১,০০০ বছরের পুরনো ভাষার ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব ও প্রভাবের ইঙ্গিত।”

এভাবে, হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ড নিয়ে বিতর্ক এবং তার রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে আলোচনাগুলি তীব্র হয়ে উঠেছে।