অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার ধৈর্য হারাতে বসেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি মুক্তি পাওয়া তিন ইসরায়েলি বন্দির চেহারা দেখে তার মনে হয়েছে তারা নাৎসি হলোকাস্টের শিকারদের মতো দুর্বল ও কৃশকায়।
ট্রাম্প গত রোববার নিউ অরলিন্সে সুপার বোলের উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন। তিনি জানান, “তাদের অবস্থা ভয়াবহ, তাদেরকে হলোকাস্টের বেঁচে থাকা মানুষদের মতো দেখাচ্ছে।” ট্রাম্প আরও বলেন, “আমরা জানি একটি চুক্তি রয়েছে, তারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে, তবে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি জানি না আমরা আর কতদিন এটি সহ্য করতে পারব… এক সময় আমাদের ধৈর্য হারিয়ে যাবে।”
শনিবার বন্দুকধারীদের পাহারায় তিন ইসরায়েলি বন্দিকে এক মঞ্চে হাজির করা হয়, পরে তাদের ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মুক্তিপ্রাপ্ত বন্দিরা হলেন, ওহাদ বেন আমি, ইলি শরাবি এবং ওর লেভি। তাদের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, এই তিন বন্দির অবস্থা আগের ১৮ বন্দির চেয়ে অনেক বেশি শোচনীয় ছিল।
ইসরায়েলি কর্তৃপক্ষ ১৫ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই তিন বন্দিকে মুক্তি দেয়, এবং একই দিনে ইসরায়েল ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। এর আগেও মুক্তিপ্রাপ্ত অনেক ফিলিস্তিনি বন্দির শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, যা ট্রাম্পের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।











