অনলাইন ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে চলমান মহাকুম্ভ মেলা কেন্দ্র করে ৩০০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে হাজার হাজার পূণ্যার্থী স্নানের উদ্দেশে রাস্তায় আটকা পড়েছেন। গত সোমবার এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কুম্ভমেলায় হাজার হাজার ভক্তের উপস্থিতি এখনও অব্যাহত রয়েছে, যা যানজটের সৃষ্টি করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পর কুম্ভমেলায় মানুষের ভিড় কমে যাবে এমন ধারণা ছিল, তবে পরিস্থিতি বিপরীত হয়ে দাঁড়িয়েছে। পূণ্যার্থীরা এখনো প্রয়াগরাজ রওনা দিয়েছেন এবং পথে ৩০০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।
গাড়ির সংখ্যা এত বেশি যে, পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হতে হয়েছে। গতকাল, মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং প্রয়াগরাজের সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে শহরের মধ্যে সাত কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে। পুলিশের মহাপরিদর্শক সাকেত প্রকাশ পান্ডে জানিয়েছেন, “এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি, তবে আমরা পুরোপুরি সমন্বয়ের মাধ্যমে যানবাহন চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করছি।”
এদিকে, উত্তর প্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই অব্যবস্থার জন্য বিজেপি সরকারের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, রাজ্য পুলিশ ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে।
এখন পর্যন্ত প্রায় ৪৪ কোটি মানুষ মহাকুম্ভে গঙ্গায় স্নান করেছেন। কুম্ভমেলা প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত হয় এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।











