একমাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

অনলাইন ডেস্ক:

চলতি বছরের জানুয়ারি মাসে গাজার অবরুদ্ধ এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) এই তথ্য প্রকাশ করেছে। গতকাল সোমবার আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি বাহিনী জানুয়ারিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই সাংবাদিকদের হত্যা করেছে।

পিজেএস জানিয়েছে, নিহত সাতজন সাংবাদিক হলেন: ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস। এই সময়ে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকেও হত্যা করেছে এবং ছয়জনের ঘরবাড়ি ধ্বংস করেছে।

গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত হামলা এবং তাদের লক্ষ্যবস্তু করার ঘটনা বিশ্বব্যাপী নিন্দা অর্জন করেছে। পিজেএস ইসরাইলের এই কর্মকাণ্ডকে ‘গুরুতর’ আখ্যা দিয়েছে। গাজার পরিস্থিতি বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার একটি হিসাবে চিহ্নিত হয়েছে। গত ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় ২০০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরাইলি বাহিনী অনেক সাংবাদিককে বিশেষভাবে লক্ষ্যবস্তু করে হত্যা করেছে।