ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মহাকাশযাত্রার সঙ্গী হলেন শরিফুল রাজ, আসছে দেশের প্রথম স্পেস ড্রামা ‘লিম্বো’

প্রকাশিত: 18 November 2026, 5:51 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন ধাঁচের মহাকাশনির্ভর সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। এবার সেই মহাকাশ যাত্রায় তার প্রথম সহযোগীর নাম প্রকাশ্যে আনলেন এই নির্মাতা। দেশের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ যুক্ত হয়েছেন এই সিনেমার প্রধান চরিত্রে, আর পর্দায় ফুটিয়ে তোলা হবে এক অনন্য কসমিক রোমান্স। বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি আকর্ষণীয় পোস্টার শেয়ার করে এই খবর জানান নির্মাতা নিজেই।

পোস্টারের ক্যাপশনে নির্মাতা তানিম রহমান অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে!’ একই ক্যাপশন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে শেয়ার করে এই যৌথযাত্রার রোমাঞ্চের কথা ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা শরিফুল রাজও।

বহুল আলোচিত ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেধাবী নির্মাতা তানিম রহমান অংশুর নতুন এই প্রজেক্ট ‘লিম্বো’ হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী ও ভিজ্যুয়াল নিশ্চিত করার লক্ষ্যেই মূলত তিনটি ভিন্ন দেশে সিনেমাটির শুটিং সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে নির্মাতার।

নতুন এই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘অংশু ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা ছিল ‘ন ডরাই’। নিঃসন্দেহে তিনি একজন ক্রিয়েটিভ নির্মাতা। তার সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

এদিকে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য নিয়োগের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ চমক। ভারতের বহুল আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘লাপাত্তা লেডিস’-খ্যাত খ্যাতিমান গল্প ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে এই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন।

মন্তব্য করুন