ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশিত: 19 November 2026, 1:39 pm আপডেট: 19 November 2026, 3:05 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার নামের পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয় এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন দুটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় মামলা চলমান রয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই বরখাস্তের সময় তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী তিনি নিয়মিত খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার ভিত্তিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে দেব্রত সরকার পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন। এই শাস্তিমূলক ব্যবস্থা চলাকালে তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনগুলোতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, পুলিশের এই দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন