রাজনৈতিক পরিস্থিতি ও বিজয় দিবস উপলক্ষে জামায়াতের ৪০ দিনের টানা কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে জামায়াত সেক্রেটারি বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা, জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর ভেতর গার্মেন্টসের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সংকট চলছে। সরকার উপলব্ধি করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এসব শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, ২২টি জেলায় হানাহানি হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে আজকের এই পরিণতি।’
উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনের টানা কর্মসূচি পালনের কথা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণকে নিয়েই আমরা ফ্যাসিবাদকে প্রতিহত করবো। সহিংসতা নয়, নিয়মতান্ত্রিকভাবেই আমরা তাদের রুখে দেবো। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবো না।’
জামায়াতের ঘোষিত কর্মসূচির প্রথম পর্যায়ে রয়েছে: ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।
ঘোষিত কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে রয়েছে: ২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
কর্মসূচির তৃতীয় পর্যায়ে রয়েছে: ২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন এর আয়োজন করবে।
চতুর্থ কর্মসূচির অংশ হিসেবে রয়েছে: ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
পঞ্চম কর্মসূচিতে বলা হয়েছে: ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন এর আয়োজন করবে।
ষষ্ঠ কর্মসূচি অনুযায়ী: ২ ডিসেম্বর পোশাক শিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সপ্তম কর্মসূচি হিসেবে রয়েছে: ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
অষ্টম কর্মসূচিতে বলা হয়েছে: ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
নবম কর্মসূচি অনুযায়ী: ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দশম কর্মসূচিতে রয়েছে: ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
একাদশ কর্মসূচির অংশ হিসেবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে।
মহান বিজয় দিবস ঘিরে আয়োজিত কর্মসূচির প্রথম ধাপে রয়েছে: ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা।
বিজয় দিবসের দ্বিতীয় কর্মসূচি অনুযায়ী: ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’ আয়োজন করা হবে।
তৃতীয় ধাপে রয়েছে: ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
চতুর্থ কর্মসূচি হিসেবে: ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পঞ্চম কর্মসূচিতে রয়েছে: ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
ষষ্ঠ ধাপে রয়েছে: ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
মহান বিজয় দিবস ঘিরে আয়োজিত কর্মসূচির শেষ পর্যায়ে রয়েছে: ২৬-৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।
