নিজস্ব প্রতিবেদক:
পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার খুলনায় বিসিক আঞ্চলিক কার্যালয়ে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগানে আয়োজিত ৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় পাট মেলা আয়োজন করা হচ্ছে, যার মূল লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সফল করতে মেলা আয়োজন, ট্রেনিং দেওয়া এবং পাট পণ্য তৈরির কাচামাল সহজলভ্য করা।”
তিনি আরও জানান, মেলার মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবহারকারীদের মধ্যে আইডিয়া আদান-প্রদান ঘটবে এবং পাটের নতুন পণ্য উদ্ভাবন হবে যা পাটের মূল্য সংযোজন এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার সভাপতিত্ব করেন এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তৃতা করেন।
এ মেলায় ৩০টি স্টল রয়েছে এবং আগামীকাল পর্যন্ত বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।











