বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্বের কারখানা হয়ে উঠছে: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক:
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্বের কারখানায় পরিণত হতে দেওয়া যাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানোর জন্য আমাদের বাজেট দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো ঠিক কী পরিমাণ বেকার তৈরি করছে, তার সঠিক হিসাব সরকারের কাছে থাকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ আয়োজনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করাই এখন সময়ের দাবি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠালেই চলবে না, শিক্ষকদেরও আগে শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার চাহিদা সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে। সেই গবেষণালব্ধ জ্ঞানের ভিত্তিতে কারিকুলাম ও সিলেবাস তৈরি করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে। তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো কী ধরনের সুবিধা পাবে, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। এক হাত আরেক হাত ধোয়ার মতো বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে।
গবেষণার বাণিজ্যিক ব্যবহারের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক গড়ে তুলতে হবে। শিল্প খাতের প্রতিনিধিদের নিজেদের সুনির্দিষ্ট প্রয়োজন ও প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারিকুলাম অ্যাডভাইজরি বোর্ড, ইনোভেশন হাব, ইনকিউবেটর প্রতিষ্ঠা এবং যৌথ গবেষণার বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণায় বরাদ্দ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার বাজেটে কোনো অভাব নেই, বরং বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সেটি নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করতে পারছে না। গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি তোলার আগে কত টাকা প্রয়োজন এবং কী কাজে ব্যয় হবে, তা নির্ধারণ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাজেট বরাদ্দ দেয় এবং সরকার ইউজিসিকে অর্থ সরবরাহ করে। ইউজিসির ছয় সদস্যের মধ্যে চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ফলে বাজেট বরাদ্দে বঞ্চিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। অথচ বরাদ্দ ও ব্যয়ের বিষয়ে নিজেদের সমস্যাগুলোই বিশ্ববিদ্যালয়গুলো চিহ্নিত করতে পারছে না।
শিক্ষকদের দীর্ঘ সময় ক্লাস নেওয়া, গবেষণাপত্র ও থিসিস তৈরির প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এসব গবেষণার বাস্তব প্রয়োগ কোথায়, তা খতিয়ে দেখতে হবে। শুধু গবেষণাপত্র তৈরি করলেই হবে না, গবেষণার ফলাফল শিল্প, অর্থনীতি ও কর্মসংস্থানে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের উৎপাদনশীলতা এবং তাদের গবেষণা থেকে কী ফল পাওয়া যাচ্ছে, সে বিষয়েও স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
বেকারত্বের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বেকারত্ব দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পরিকল্পনা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়টি কতটা বেকারত্ব কমাতে পারবে, সেই তথ্য চেয়েও নয় মাসে তা পাওয়া যায়নি বলে তিনি জানান। তাঁর ভাষ্যমতে, সঠিক পরিকল্পনা ও তথ্যভান্ডার না থাকলে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন।
বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় বিভাগ খোলার সমালোচনা করে তিনি বলেন, শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে নতুন বিভাগ খোলা উচিত নয়। শিক্ষক রাজনীতি বা শিক্ষার্থীদের রাজনীতির বিবেচনায় যেসব বিভাগ খোলা হয়েছে, সেগুলোর প্রয়োজনীয়তা পর্যালোচনা করতে হবে। বর্তমান শ্রমবাজারে যেসব বিভাগের প্রয়োজন নেই, সেগুলোর অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে ইউজিসির প্রতিও আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থায় দীর্ঘসূত্রতা ও সেশনজট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, যা শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুনর্নিরীক্ষণের ফলও দ্রুত প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়কে দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছিল, কিন্তু নিজেদের পরিকল্পনার কারণে বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। ভর্তি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আদালতের স্থগিতাদেশের প্রসঙ্গ তুলে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে হাইকোর্টে যাওয়ার প্রবণতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর মতে, সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত।
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক ও জনবল সংকটের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সব স্তরেই শিক্ষকের ঘাটতি রয়েছে। এ সংকট কাটাতে দ্রুত জনবল কাঠামো নির্ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মধ্যে ফাইল চালাচালি এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সমালোচনা করে তিনি বলেন, সমস্যা সমাধানে দীর্ঘ বৈঠক ও চিঠি চালাচালির পরিবর্তে দ্রুত একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ১৯৭৪ সালের আইন অনুযায়ী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, কিন্তু অর্থের প্রয়োজন হলে সরকারের কাছে প্রত্যাশা করে। স্বায়ত্তশাসন বজায় রাখার পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয় করাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।
সরকার নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা নিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেশনজট নিরসন, গবেষণার বাস্তব প্রয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
