ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিস্ফোরক মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী বুদু কারাগারে

প্রকাশিত: 24 November 2026, 10:17 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মো. রবিউল আলম বুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৬২ বছর বয়সী এই আইনজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং আইন সহায়ক কমিটির বর্তমান সদস্য। আলোচিত এই মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক মো. মাহবুব উল আলম। আদালতে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও তপু নাসরিনসহ কয়েকজন আইনজীবী তার জামিন আবেদনের ওপর শুনানি পরিচালনা করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের তীব্র বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৪ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে স্থানীয় জনতার সহায়তায় মো. রবিউল ইসলাম বুদুকে ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ২টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানাধীন ৭/এ নম্বর রোডের কেএফসি রেস্টুরেন্টের সামনে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন দুষ্কৃতিকারী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থل থেকে লাল কসটেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটার দুটি টুকরাসহ বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করে পুলিশ। এ ঘটনায় ২৩ নভেম্বর ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় মামলাটি দায়ের করা হয়। এই মামলায় রবিউল আলম বুদুকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো।

তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেছেন, মামলার প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে আসামিসহ অজ্ঞাতনামাদের উপস্থিতির সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। জামিনে মুক্তি পেলে আসামি চিরতরে পলাতক হওয়ার পাশাপাশি পুনরায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। এমন আশঙ্কা থেকে মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন